সিরাজগঞ্জে ট্রাক ভাঙচুর, গাড়িতে আগুন
সিরাজগঞ্জে অবরোধের দ্বিতীয় দিনে বিভিন্ন স্থানে চারটি ট্রাক ভাঙচুর ও দুটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছে তিনজন।
থানার পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ ভোরে সিরাজগঞ্জ শহরের রায়পুর রেলস্টেশনের কাছে একটি মাইক্রোবাসে আগুন দেয় অবরোধ-সমর্থকেরা। তখন গাড়ির গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে পাশের একটি দোকান ও রিকশায় আগুন ধরে গেলে তিনজন আহত হয়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহত ব্যক্তিদের উদ্ধার করে। এর কিছুক্ষণ পরে শহরের মতিন সাহেবের ঘাটে দাঁড়িয়ে থাকা চারটি ট্রাক ভাঙচুর করে অবরোধকারীরা। এ ছাড়া অবরোধকারীরা সিরাজগঞ্জের নগরবাড়ী-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়ায় একটি মাইক্রোবাসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সার্বিক পরিস্থিতি ভালো। বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।