সিরাজগঞ্জে ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ট্রাক ও যাত্রীবাহী লেগুনার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে তিনজন নিহত ও সাতজন আহত হয়েছেন।
আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার পারকোলায় নগরবাড়ী-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ইব্রাহীম ফকির (৫০), শাহাদৎ হোসেন (৪৫) ও শামসুল ইসলাম (৩৫)। তাঁদের সবার বাড়ি শাহজাদপুরে।
আহত ব্যক্তিদের মধ্যে চারজন হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্য তিনজন প্রাথমিক চিকিৎসা নেন।
হতাহত সবাই শ্রমিক। তাঁরা লেগুনার যাত্রী ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, তালগাছী থেকে যাত্রী নিয়ে লেগুনাটি শাহজাদপুরে যাচ্ছিল। শাহজাদপুর থেকে সিরাজগঞ্জ যাচ্ছিল ট্রাকটি। পারকোলা নামক স্থানে ট্রাকের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। লেগুনাটি দুমড়েমুচড়ে যায়। ট্রাকটি উল্টে গিয়ে পড়ে সড়কের পাশের খাদে। ঘটনাস্থলে লেগুনার দুই যাত্রী নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরেকজন।
আহত ব্যক্তিদের প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। একজন এখনো ভর্তি রয়েছেন। অন্য তিনজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হাই বলেন, নিহত তিনজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা হয়েছে।