সিরাজগঞ্জে ট্রাকচাপায় পুলিশের এএসআই নিহত
সিরাজগঞ্জে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে আজ বুধবার ট্রাকচাপায় পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) মারা গেছেন। সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এএসআইয়ের নাম নুরুল ইসলাম (২৮)। সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নুরুল ইসলামের বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরবর্ধুল গ্রামে। সকালে মোটরসাইকেলে করে কর্মস্থল ঈশ্বরদীতে যাচ্ছিলেন তিনি। সলঙ্গা থানার সাততিক্রিতে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে। ট্রাকটি জব্দ করেছে পুলিশ। চালক ও তাঁর সহকারী পলাতক।