সিরাজগঞ্জে ট্রাকে পেট্রলবোমায় একজন নিহত, দগ্ধ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের হোড়গাঁতী এলাকায় একটি মালবোঝাই ট্রাকে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন আরও তিনজন।

নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। আহত তিনজনকে স্থানীয় বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জের পুলিশ সুপার এস এম এমরান হোসেন জানান, একটি সবজিবোঝাই ট্রাক উত্তরবঙ্গ থেকে ঢাকা যাচ্ছিল। ট্রাকটি রাত আটটার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হোড়গাতী নামক স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা সামনে থেকে পেট্রলবোমা ছুড়ে পালিয়ে যায়। এতে ট্রাকটির কেবিন ও ইঞ্জিনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ট্রাকে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই একজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে আহতদের উদ্ধার করেন। আহত লোকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।