সিরাজগঞ্জে ট্রেনের একটি বগি লাইনচ্যুত
সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রায় সাত শতাধিক যাত্রী নিয়ে ট্রেনটি সিরাজগঞ্জ বাজার স্টেশন ছাড়ার পর শহরের মাহমুদপুর মহল্লায় পরিচালকের বগিটি লাইনচ্যুত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। পরে সাড়ে ১১টার দিকে অন্য পাঁচটি বগি নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হয়।
সিরাজগঞ্জ রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (ওয়ে) আশরাফ উদ্দিন বলেন, কী কারণে এমনটি হয়েছে বোঝা যাচ্ছে না। তবে স্কেল দিয়ে মেপে দেখা গেছে লাইনের বিভিন্ন স্থানে ক্লিপ সরে গেছে। অধিক বৃষ্টির কারণে কাঠের স্লিপার থেকে ক্লিপ সরে যাওয়াতেই এমনটি ঘটেছে বলে তাঁর ধারণা।
সিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ট্রেনটি বাজার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যে পেছনের গার্ড বগির চাকা ছিটকে স্লিপারের ওপর চলে আসে।