সিরাজগঞ্জে ট্রেনের একটি বগি লাইনচ্যুত
সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। গতকাল মঙ্গলবার সাত শতাধিক যাত্রী নিয়ে সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে ঢাকা যাওয়ার সময় শহরের মাহমুদপুর মহল্লায় ট্রেনটির পরিচালকের বগি লাইনচ্যুত হয়।
পরে ওই বগি রেখেই বাকি পাঁচটি বগি নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় সিরাজগঞ্জ এক্সপ্রেস।
সিরাজগঞ্জ রেলওয়ের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী (ওয়ে) আশরাফ উদ্দিন গতকাল বিকেলে বলেন, কী কারণে এমনটি হয়েছে বোঝা যাচ্ছে না। তবে স্কেল দিয়ে মেপে দেখা গেছে লাইনের বিভিন্ন স্থানে ক্লিপ সরে গেছে। বৃষ্টি বেশি হলে কাঠের স্লিপার থেকে ক্লিপ সরে এমনটি হতে পারে। ঈশ্বরদীতে খবর দেওয়া হয়েছে। লোক এলেই বগিটি লাইনে ওঠানো হবে।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ট্রেনটি বাজার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যে পেছনে পরিচালকের বগির চাকা ছিটকে স্লিপারের ওপর চলে আসে। এতে কেউ হতাহত না হলেও যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। প্রায় এক ঘণ্টা পর পরিচালক বগি রেখেই বাকি বগি নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।