সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস খাদে, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চালা শাহবাজপুর এলাকায় গতকাল শুক্রবার ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জ জিআরপি থানা সূত্র ও আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে একটি মাইক্রোবাসে করে শিশু ও নারীসহ ছয়জন সিরাজগঞ্জে আসেন। সিরাজগঞ্জ কারাগারে আটক স্বজনদের সঙ্গে দেখা করার পর তাঁরা ঢাকায় ফিরছিলেন। বেলা সোয়া তিনটার দিকে মাইক্রোবাসটি চালা শাহবাজপুর এলাকার একটি মাটির রাস্তা দিয়ে রেললাইন অতিক্রম করছিল। এ সময় খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে সেটি রেললাইনের পাশের খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই কুলসুম খাতুন (১৬) নিহত হয়। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে ইউসুফ (৩০) নামের একজন মারা যান। আহত ব্যক্তিদের মধ্যে মাইক্রোবাসের চালক রিপন খান (৪০), সখিনা বেগম (৩০), খোকন সরকার (১৪), শুভ (৫) ও শাহ আলমকে (২২) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে রিপন ও শাহ আলমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল কুমার চাকী জানান, ওই রেলক্রসিংয়ের দায়িত্বে কোনো গেটম্যান নেই। মাইক্রোবাসের চালক ট্রেন দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হয়েছে।