সিরাজগঞ্জে ডিমওয়ালা মাছ অবাধে নিধন
সিরাজগঞ্জের বিভিন্ন হাটবাজারে অবাধে ডিমওয়ালা (মা-মাছ) দেশি প্রজাতির মাছ বিক্রি হচ্ছে। বর্ষার প্রাক্কালে প্রজনন মৌসুমে এসব মাছ নিধন হওয়ায় মাছের উৎপাদনে ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শাহজাদপুর উপজেলার রাউতারা গ্রামের মৌসুমি জেলে আবদুল করিম বলেন, ‘হারা বছরই এহেনে মাছ ধরিয়া থাকি। এই সময় হকল মাছের পেটে ডিম অইছে। ডিমওয়ালা মাছগুলো সহজেই ধইরবার পারতেছি। বাজারেই এইগুলোর চাহিদা বেশি। বেশি দামে বিক্রিও অইতাছে। তবে কেউ এ মাছ না ধরার জন্য আমাগো কখনো মানা করে নাই।’ প্রায় একই ধরনের কথা বলেন উপজেলার সোনাতলী গ্রামের নরেন হালদার ও আবদুল মান্নান, সদর উপজেলার বিকাশ কুমার, উল্লাপাড়ার হাটিকুমরুলের আছালত মিয়াসহ কয়েকজন জেলে।জেলা সদর, শাহজাদপুর, তাড়াশ, উল্লাপাড়া ও কাজীপুর উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, সর্বত্রই ডিমওয়ালা মাছ বিক্রি হচ্ছে। দেশি প্রজাতির এসব মাছের মধ্যে রয়েছে শিং, পুঁটি, খলিশা, টেংরা, চিংড়ি, রুই, কাতলা, মৃগেল ও বোয়াল।জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, যমুনা, করতোয়া, ফুলজোড়, বড়াল, ইছামতী, হুড়াসাগর নদী থেকে প্রতিদিন প্রচুর পরিমাণে ডিমওয়ালা মাছ ধরা পড়ছে। বর্ষা শুরুর প্রাক্কালে পেশাদার জেলেদের পাশাপাশি মৌসুমি জেলেরাও এই মাছ ধরছেন। জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, যমুনা, করতোয়া, ফুলজোড়, বড়াল, ইছামতী ও হুড়াসাগর নদীতে এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত রুই, কাতলা, মৃগেল, কালবাউশ প্রজাতির মা-মাছ ধরা নিষেধ রয়েছে। দেশি প্রজাতির অনান্য মা-মাছ ধরার বিষয়ে সুস্পষ্ট কোনো দিকনির্দেশনা দেওয়া নেই। তবে সচেতনতার মাধ্যমে মা-মাছ শিকার না করার জন্য জনগণকে উদ্বুদ্ধ করার নিয়ম রয়েছে। কাজীপুর উপজেলার সীমান্ত বাজার এলাকার স্কুলশিক্ষক মো. আমিনুল ইসলাম জানান, বৈশাখ-জ্যৈষ্ঠ এই দুই মাস মা-মাছ নিধন রোধ করা গেলে মাছের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশে আমিষের অভাব দূর করা সম্ভব হবে। অন্যদিকে বিলুপ্তপ্রায় অনেক প্রজাতির দেশি মাছ আবার ফিরে আসবে। সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা হরেন্দ্রনাথ সরকার জানান, ডিম পেটে আসার পর মাছগুলো একটু দুর্বল এবং ভারী হয়ে পড়ে। এ কারণে মাছগুলো গভীর পানি থেকে অল্প পানিতে চলে আসে। তা ছাড়া মাছ সাধারণত অল্প পানিতে এসে স্রোতের মধ্যে ডিম পাড়ে। এ সময় এই মাছ ধরা সহজ হওয়ায় অনেকেই মাছ শিকার করছে। তাই বৈশাখ থেকে আষাঢ় মাস পর্যন্ত মা-মাছসহ পোনা ধরা নিষেধ রয়েছে। তবে অন্যান্য মাছের বিষয়ে সরকারি পর্যায়ে আইন প্রণয়নের চিন্তাভাবনা করা হচ্ছে। এসব মাছ না ধরার ব্যাপারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দু-এক দিনের মধ্যে প্রচারণা চালানো শুরু করা হবে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।