সিরাজগঞ্জে তরুণ খুন, সাঁথিয়ায় লাশ উদ্ধার
সিরাজগঞ্জের কামারখন্দে প্রতিপক্ষের হামলায় এক তরুণ খুন হয়েছেন। পাবনার সাঁথিয়া উপজেলায় নিখোঁজ একজনের লাশ উদ্ধার করা হয়েছে।সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকার নূরুল ইসলামের সঙ্গে সদর উপজেলার বহুতি গ্রামের আল আমিনের (২২) দ্বন্দ্ব চলে আসছিল। শনিবার রাতে আল আমিন ও তাঁর বন্ধু ছানু (২৫) ভদ্রঘাট বাজারে গেলে প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে তাঁরা দুজন আহত হন।তাঁদের বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার দুপুরে আল আমিন মারা যান। ছানু সেখানে চিকিৎসাধীন আছেন। আল আমিন বহুতি গ্রামের আবুল হোসেনের ছেলে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সাঁথিয়া পৌরসভার তেঘরি মহল্লার সুরুজ প্রামাণিক (৫৫) শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। শনিবার সন্ধ্যার দিকে এলাকাবাসী সোনাতলা গ্রামের একটি গমখেতে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় সুরুজের ছেলে সাঁথিয়া থানায় ওই দিন রাতে একটি হত্যা মামলা করেন। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সোনাতলা গ্রামের হেনা খাতুনকে (৪০) গ্রেপ্তার করেছে।