সিরাজগঞ্জে তিন খুন
সিরাজগঞ্জের বেলকুচি, শাহজাদপুর ও সলঙ্গা থানায় পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজন খুন হয়েছেন। সব কটি হত্যাকাণ্ড ঘটেছে গত বুধবার রাতে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা হয়েছে, তবে কেউ গ্রেপ্তার হয়নি।নিহত ব্যক্তিরা হলেন: বেলকুচি উপজেলার চরচালা গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী শিউলী খাতুন (২৩), শাহজাদপুর উপজেলার বাদলবাড়ি গ্রামের লিটন মিয়া (২৫) এবং সলঙ্গা থানার ঘুড়কা গ্রামের শুকুর আলী (৪৮)।শাহজাদপুর থানা সূত্রে জানা গেছে, লিটনের সঙ্গে তাঁর স্ত্রী রোজিনা খাতুনের বিরোধ ছিল। এরই জের ধরে রোজিনা তাঁর নবজাতককে নিয়ে বাবার বাড়ি জামিরতার জগতলায় চলে যান। বুধবার রাতে লিটন সেখানে গেলে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে রোজিনার পরিবারের লোকজন লিটনকে পিটিয়ে হত্যা করে লাশ বাড়ির উঠোনে ফেলে সবাই পালিয়ে যায়। এ ঘটনায় লিটনের বাবা আলাউদ্দীন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।সলঙ্গা থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শুকুর আলীর সঙ্গে তাঁর ভাইদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে সম্প্রতি তাঁদের মধ্যে সংঘর্ষ হয়। গত বুধবার রাতে ঘরের আড়ার সঙ্গে শুকুরের লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে। বেলকুচি থানার এসআই কামরুল ইসলাম জানান, গৃহবধূ শিউলী খাতুনের লাশ ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।