সিরাজগঞ্জে দুই উপজেলা ১০ ঘণ্টা বিদ্যুৎবিহীন
সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলায় গত শুক্রবার দুপুর ১২টা থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এ কারণে এ দুই উপজেলার হাজার হাজার গ্রাহক ভোগান্তি পোহান। তারাবির নামাজের সময় বিদ্যুৎ না থাকায় মুসল্লিদের বেশি কষ্ট হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) ভূঁইয়াগাতী আঞ্চলিক কার্যালয়ের অধীন। সরবরাহ লাইনে ক্রটি থাকায় শুক্রবার দুপুর ১২টার দিকে বিদ্যুৎ চলে যায়। রাত ১০টার দিকে বিদ্যুতের সরবরাহ পুনরায় চালু করা হয়।রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকার আলহাজ আহমেদ বলেন, ‘বিদ্যুৎ পরিস্থিতি ভালো হওয়ার পরও হঠাৎ করে এমন কেন হলো, বুঝতে পারছি না। গরমে সবাই অস্থির হয়ে আছি।’ স্টার কম্পিউটার নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক শাহিনুল ইসলাম বলেন, বিদ্যুৎ না থাকায় কাজকর্ম বন্ধ করে বসে থাকতে হয়েছে। রনতিথা এলাকার গৃহবধূ ফিরোজা বেগম বলেন, ‘এত দীর্ঘ সময় বিদ্যুতের সংযোগ বন্ধ রাখলে আগে থেকে নোটিশ দেওয়া উচিত। এতে আমাদের কাজের সুবিধা হয়।’পবিসের ভূঁইয়াগাতী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জুলফিকার বলেন, সরবরাহ লাইনের ত্রুটির কারণে রায়গঞ্জ ও তাড়াশ উপজেলায় বিদ্যুতের সরবরাহ বন্ধ ছিল। মেরামতকাজ শেষে রাত ১০টার দিকে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়।