সিরাজগঞ্জে দুই গৃহবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক কলহের জের ধরে গত সোমবার রাতে সিরাজগঞ্জে দুই গৃহবধূ খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।নিহত গৃহবধূরা হলেন সদর উপজেলার বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সয়দাবাদ পুনর্বাসন এলাকার আবু তাহেরের স্ত্রী মিনা বেগম (৩০) এবং সলঙ্গা থানার রৌহাবাড়ি গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী আকলিমা খাতুন (৩০)। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা হয়েছে। পুলিশ আবু তাহের ও তাঁর দ্বিতীয় স্ত্রী ডলি খাতুনকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সয়দাবাদ পুনর্বাসন এলাকার আবু তাহের মিনা বেগমকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে মিনার সঙ্গে তাঁর বিরোধ চলছিল। সোমবার রাতে আবু তাহের ও ডলি খাতুনের সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা মিনাকে পিটিয়ে ও শ্বাস রোধ করে হত্যা করেন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আসলাম জানান, এ ব্যাপারে নিহত গৃহবধূর ভাই খোরশেদ আলী বাদী হয়ে দুজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। মিনার শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।অপর দিকে সলঙ্গা থানার রৌহাবাড়ি গ্রামের আকলিমা খাতুন ১৮ মে মালয়েশিয়া যাওয়ার জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন। কিন্তু এ নিয়ে স্বামী জসিম উদ্দিনের সঙ্গে তাঁর দ্বন্দ্ব শুরু হয়। এরই জের ধরে সোমবার রাতে তাঁদের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে জসিম পিটিয়ে ও শ্বাস রোধ করে তাঁকে হত্যা করে লাশ ঘরে রেখেই পালিয়ে যান। মঙ্গলবার সকালে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।