সিরাজগঞ্জে দুই পক্ষে দফায় দফায় সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ পৌর শহরের রহমতগঞ্জ ও নতুন ভাঙ্গাবাড়ী মহল্লার বাসিন্দাদের মধ্যে গত রোববার রাত থেকে গতকাল সোমবার দুপুর পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ উভয় পক্ষের ৫০ জন আহত হয়। এ সময় পাঁচটি দোকানে অগ্নিসংযোগ করা হয় এবং ১৫টি দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিনটি ফাঁকা গুলি ছোড়ে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ পৌর শহরের রহমতগঞ্জ কবরস্থানের কর্তৃত্ব নিয়ে শহরের নতুন ভাঙ্গাবাড়ী ও রহমতগঞ্জ মহল্লার বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে গত রোববার সন্ধ্যায় নামাজের পর কবরস্থান এলাকার মসজিদের ভেতরেই দুই পক্ষে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে কবরস্থানের খাদেম সয়াগোবিন্দ গ্রামের আফজালের পেটে ছুরিকাঘাত করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে উভয় মহল্লার লোকজন লাঠি, হলঙ্গা, ফালাসহ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। সিরাজগঞ্জ-কাজীপুর সড়কের কাঠের পুল এলাকায় সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় দু-তিনটি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সিরাজগঞ্জ-কাজীপুর সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনটি ফাঁকা গুলি ছোড়ে ও লাঠিপেটা করে প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীরসহ উভয় পক্ষের ২০ জন আহত হন। গুরুতর আহত খাদেম আফজালকে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাঁকে ঢাকায় পাঠানো হয়। অপর আহত ব্যক্তিদের মধ্যে নান্নু (৩২), নূর নবী শেখ (২৮) ও আরিফকে (২৭) ঢাকায় পাঠানো হয়েছে।এ ঘটনার জের ধরে গতকাল সোমবার ভোর ছয়টা থেকে উভয় মহল্লার শত শত মানুষ দেশীয় অস্ত্র নিয়ে কাঠের পুল এলাকায় আবার সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের কারণে কাঠেরপুল, সিরাজগঞ্জ-কাজীপুর সড়ক ও রহমতগঞ্জ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে রহমতগঞ্জ মহল্লার লোকজনের সঙ্গে শহীদগঞ্জ ও তেলকুপি এলাকার বেশ কিছু যুবকও যোগ দেয় বলে অভিযোগ পাওয়া যায়। এ সময় দুটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং ১০টি দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়। আহতদের ছয়জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।গতকাল বেলা ১১টার দিকে কাঠের পুল এলাকা থেকে এক কিলোমিটার দূরের বাহিরগোলা গুড়ের বাজারে দুই পক্ষ আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এখানে তিনটি দোকানে অগ্নিসংযোগ করা হয় এবং দু-তিনটি দোকানে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। সংঘর্ষের কারণে সিরাজগঞ্জ-কাজীপুর সড়কসহ বাহিরগোলা সড়কে সব ধরনের যানবাহন চলাচল চার ঘণ্টা বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই সংঘর্ষের জের ধরে বেলা সাড়ে ১১টার দিকে শহরের খলিফাপট্টিতে রাস্তার কাজ চলাকালে একদল উচ্ছৃঙ্খল যুবক কাজে বাধা দেয়। মুক্তিযোদ্ধা আবদুল মান্নানসহ এলাকার মুরব্বিরা এর প্রতিবাদ করেন। এ সময় যুবকেরা আবদুল মান্নানের ওপর হামলা চালিয়ে তাঁকে গুরুতর আহত করেন। তাদের বাধা দিতে গেলে আলী আকবর ও রতনকেও মারপিট করা হয়। এ ঘটনার প্রতিবাদে তাত্ক্ষণিক খলিফাপট্টির সব দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। রহমতগঞ্জ এলাকার নুরুল ইসলাম দাবি করেন, কবরস্থানের কর্তৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এ ছাড়া নতুন ভাঙ্গাবাড়ী এলাকার কয়েকজন ছেলে এই এলাকার একটি স্কুলে এসে মেয়েদের উত্ত্যক্ত করত। এ নিয়ে কয়েকবার হাতাহাতি হয়েছে। সব মিলিয়ে এ সংঘর্ষ হয়েছে।এ ব্যাপারে নতুন ভাঙ্গাবাড়ী এলাকার মোতালেব মিয়া জানান, ‘রহমতগঞ্জ এলাকার লোকজন ইচ্ছা করেই আমাদের দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।’পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ফাঁকা গুলি ছোড়া ও লাঠিপেটার কথা স্বীকার করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ারেছ মিয়া গতকাল সন্ধ্যা ছয়টার দিকে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। উভয় পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে।