সিরাজগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩৫
সিরাজগঞ্জ সদর উপজেলার গুনারগাতী গ্রামে গতকাল সোমবার দুটি পাড়ার বাসিন্দাদের মধ্যে দুই দফা সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছে। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।এলাকাবাসীর বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ারেছ আলী জানান, গত রোববার সন্ধ্যায় পূর্ব পাড়ার একটি শিশুকে থাপড় দেওয়াকে কেন্দ্র করে গুনারগাতী গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে গতকাল সকালে দুই পাড়ার মধ্যে প্রথম দফা সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ১০ জন আহত হয়।দুপুরে ঘটনাস্থল থেকে পুলিশ ফিরে গেলে বিকেল পাঁচটার দিকে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ১১টি শর্টগানের গুলি ও ছয়টি কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দ্বিতীয় দফা সংঘর্ষে ২৫ জন আহত হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।