সিরাজগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ছাত্রলীগের কর্মী নিহত
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ছাত্রলীগের এক কর্মী নিহত ও ২০ জন আহত হয়েছেন। প্রেমঘটিত ঘটনায় ১৪ এপ্রিল ছাত্রলীগের ওই কর্মীকে মারধরের পর গতকাল বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। নিহত ছাত্রলীগের কর্মী সাব্বির হোসেন পোতাজিয়া গ্রামের ওসমান গণির ছেলে। পড়তেন শাহজাদপুর সরকারি কলেজে।সাব্বিরের মৃত্যুর প্রতিবাদে ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল বিকেলে শাহজাদপুর সরকারি কলেজ চত্বরে মিছিল করেছেন। পোতাজিয়া গ্রামবাসী সূত্রে জানা গেছে, সাব্বিরের সঙ্গে গ্রামের এক মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে গত ১৪ এপ্রিল সাব্বিরকে বেদম মারধর করে মেয়ের পক্ষের লোকজন। এ ঘটনায় সাব্বিরের চাচা পোতাজিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্বাস আলী সালিস ডাকেন। মেয়ের পক্ষ সালিস প্রত্যাখ্যান করলে আব্বাসের সমর্থকেরা তাদের হুমকি দেয়। এর জের ধরে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মেয়ের পক্ষের লোকজন আব্বাস আলীর বাড়িতে হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে সাব্বির হোসেন (১৮), আবদুল মতিন (২৫), ওসমান আলী (৫৫), কোরবান আলী (৪৫), শাপলা বেগম (২৮) ও তোয়াব আলীকে (৩০) শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর অবস্থায় চারজনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা আবদুল আওয়াল প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালে আনার আগেই সাব্বিরের মৃত্যু হয়। তাঁর মাথা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।’ সাব্বিরের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে আব্বাস আলীর সমর্থকেরা সংঘবদ্ধ হয়ে মেয়ের পক্ষের সমর্থকদের বাড়িতে হামলা চালায়। এ সময় চারটি বাড়িতে ভাঙচুর করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন সরকার প্রথম আলোকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাপক লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।