সিরাজগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ ৪০ জন আহত
সিরাজগঞ্জ পৌর এলাকার দত্তবাড়ী এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। গত বুধবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত এই সংঘর্ষের ঘটনা ঘটে।সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক জানান, পৌর শহরের দত্তবাড়ী মহল্লার ব্রিজের দক্ষিণ পাড়ার সোহাগ নামের এক যুবক উত্তর পাড়ার এক মেয়েকে বিয়ে করার জন্য তাঁর পরিবারের কাছে প্রস্তাব দেন। এতে মেয়েপক্ষ রাজি না হলে দুই পক্ষের অভিভাবকদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা ব্রিজের দুই পাড়ের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। এর জের ধরে বুধবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় দুটি বাড়িও ভাঙচুর করা হয়। সংঘর্ষে ১০ জন আহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এসআই জানান, আগের রাতের ঘটনার জের ধরে গতকাল সকালে আবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। দুপুরে এ সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে। উভয় পক্ষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় পাঁচটি বাড়িতে ভাঙচুর চালানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাপক লাঠিচার্জ করে। এতেও পরিস্থিতি শান্ত না হওয়ায় ৪৮টি ফাঁকা গুলি ও ৩৭টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। তাঁদের মধ্যে একজন এসআই ও তিনজন কনস্টেবল রয়েছেন। আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ারেছ মিয়া জানান, এলাকায় র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।