সিরাজগঞ্জে দুই মহল্লার বাসিন্দাদের সংঘর্ষে একজন নিহত
সালিস বৈঠকে কথা-কাটাকাটির জের ধরে সিরাজগঞ্জ পৌরসভার দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। নিহত আবু হাবিব (১৮) পৌর এলাকার কোবদাসপাড়া মহল্লার আবুল কালামের ছেলে।
আহত ব্যক্তিদের মধ্যে শামীমকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার রাত আটটার দিকে পৌরসভার রানীগ্রাম মহল্লায় এ ঘটনা ঘটে। পুলিশ, মামলার আরজি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আগের একটি বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জ পৌর এলাকার রানীগ্রাম ও কোবদাসপাড়া মহল্লার বাসিন্দাদের মধ্যে সপ্তাহ খানেক আগে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনা মীমাংসার জন্য মঙ্গলবার রাতে রানীগ্রাম প্রজেক্ট এলাকায় উভয় মহল্লার লোকজন সালিস বৈঠকে বসেন।
বৈঠক চলাকালে উভয় মহল্লার লোকজনের সঙ্গে কথা-কাটাকাটি এবং একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষ ইটপাটকেল, লাঠি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুতর আহত হাবিবকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা জানান, এ ঘটনায় নিহত ব্যক্তির বড় ভাই মোহামঞ্চদ আলী একটি হত্যা মামলা দায়ের করেছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। র্যাব সদস্যরা টহল বৃদ্ধি করেছেন।