সিরাজগঞ্জে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই শিক্ষক ও পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের রহমতগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়কেন্দ্রে বাইরে থেকে কেন্দ্রের ভেতর উত্তরপত্র এনে লেখার সময় আনজু মনোয়ারা পারভীনকে হাতেনাতে ধরে ফেলেন কেন্দ্রে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম। এ ঘটনার জন্য তাঁকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে তাঁকে সহযোগিতার অভিযোগে কক্ষে দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক খাগা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছানোয়ার হোসেন ও পাঙ্গাসী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জুলেখা ওবায়দাকে তিন বছরের জন্য সব নিয়োগ পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ ছাড়া অসদুপায় অবলম্বনের অভিযোগে সিরাজগঞ্জ সরকারি কলেজকেন্দ্র থেকে তিনজন এবং জ্ঞানদায়িনী উচ্চবিদ্যালয়কেন্দ্র থেকে একজনকে বহিষ্কার করা হয়। নিয়োগ পরীক্ষায় দায়িত্ব পালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম ও গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গতকাল জেলার নয়টি উপজেলায় মোট ২৫ হাজার ৫৯ জন পরীক্ষার্থী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন।