সিরাজগঞ্জে দুটি ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের সয়দাবাদ এলাকায় গতকাল শুক্রবার ভোরের দিকে দুটি ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন: বগুড়ার গাবতলী উপজেলার তেলহাটি গ্রামের মো. জাহিদুল (৩০), জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মাসুদ আহমেদ (২৫) ও গোলাম গাউস (৩০)। দুর্ঘটনায় আহত দুজনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আইনুল হক জানান, ভোর ছয়টার দিকে সয়দাবাদ এলাকায় ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে দুটি ট্রাকেরই ডান দিকের অংশ অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই ট্রাকের তিন যাত্রী মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান। অপর দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। তবে দুটি ট্রাকের চালক ও সহকারীরা পালিয়ে যান। এসআই আইনুল জানান, এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা করা হয়েছে।