সিরাজগঞ্জে দুটি বগি লাইনচ্যুত, চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলস্টেশনে মালবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উত্তরবঙ্গ ও খুলনার সঙ্গে চার ঘণ্টারও বেশি রেল যোগাযোগ বন্ধ থাকে। পরে রেললাইন থেকে বগি দুটি সরিয়ে নেওয়া হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
সিরাজগঞ্জ জিআরপি থানা ও রেলওয়ে সূত্র জানায়, পাথরবোঝাই মালবাহী একটি ট্রেন বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলস্টেশনে মাল খালাসের পর গতকাল সোমবার সকাল সাড়ে আটটার দিকে ফিরে যাওয়ার সময় সেটির ৪ নম্বর ও ৬ নম্বর বগি লাইনচ্যুত হয়। এরপর এ পথে সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। সেতুর দুই পাশের বিভিন্ন স্টেশনে আটকা পড়ে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস, রাজশাহীগামী ধূমকেতু, ঢাকাগামী সিল্কসিটি, দ্রুতযান, সিরাজগঞ্জ এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস আন্তনগর ট্রেনগুলো। খবর পেয়ে পৌনে ১২টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে বগি দুটি সরিয়ে নিলে বেলা একটার পর ওই রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।