সিরাজগঞ্জে দুদিনে ২০০ বাড়ি নদীগর্ভে বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে যমুনার পানি দ্বিতীয় দফায় বাড়তে শুরু করেছে। গতকাল রোববার এক দিনে সিরাজগঞ্জ পয়েন্টে পানি বেড়েছে ২২ সেন্টিমিটার। এতে নদী-তীরবর্তী এলাকাগুলোতে আবার ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। সিরাজগঞ্জ ও টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড এবং ভাঙনে ক্ষতিগ্রস্ত লোকজন সূত্রে জানা গেছে, গত শনিবার ও গতকাল রোববার—এই দুই দিনে সিরাজগঞ্জ সদর উপজেলার শিমলা ও বাহুকা এবং চৌহালী উপজেলার বোয়ালকান্দি থেকে পাতরাইল পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকায় নতুন করে ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যে এলাকাগুলোর দুই শতাধিক বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। এ ছাড়া শতাধিক পরিবার তাদের বসতবাড়ি সরিয়ে নিয়েছে। শিমলার ইয়াকুব আলী বলেন, প্রথম দফায় পানি বাড়ার সময় তাঁদের এলাকার কয়েক শ বাড়ি বিলীন হয়। শনিবার থেকে পানি দ্বিতীয় দফায় বাড়তে থাকায় আবার ভাঙন শুরু হয়েছে। ভাঙনের তীব্রতা বেশি হওয়ায় অনেকেই তাদের বাড়ি সরিয়ে নেওয়ার সুযোগ পায়নি। বাহুকার রুবেল মিয়া বলেন, ‘এ এলাকায় ভাঙন শুরু হলেও তা রোধে জেলার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা কোনো ব্যবস্থা নেননি। পুনরায় ভাঙন শুরু হওয়ায় আমরা দিশেহারা হয়ে পড়েছি।’ সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ঠিকাদারেরা ঠিকমতো কাজ না করায় বাঁধের কাজ এগোয়নি। তাঁরা এখন ঘটনাস্থলেও নেই। তাই ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জ্যোতিপ্রকাশ ঘোষ বলেন, ভাঙনকবলিত এলাকায় ব্যবস্থা নিতে এখনো কোনো বরাদ্দ আসেনি। বরাদ্দ এলে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।