সিরাজগঞ্জে দুর্ঘটনায় নিহত ৫, আহত ২৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল আটটায় ও সন্ধ্যা ছয়টার দিকে এই দুটি দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন রাজশাহী জেলার বোয়ালিয়া থানার কাদেরগঞ্জ গ্রামের ট্রাকচালক হানিফ শেখ (৪৫) ও বগুড়া জেলার শেরপুর উপজেলার ট্রাকচালক আবদুর রহিম (৪২)। অন্য ব্যক্তিদের পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।
থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী নামক স্থানে ঢাকা থেকে রাজশাহীগামী দেশ ট্রাভেলস নামের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। আহত হন আরও ২০ জন। আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নূরুল ইসলাম বলেন, আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনকে ঢাকাসহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য ব্যক্তিদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ দেড় ঘণ্টা চেষ্টার পর রেকার দিয়ে গাড়ি দুটি সরিয়ে নিলে পুনরায় যান চলাচল শুরু হয়।
অপরদিকে গতকাল সকাল আটটার দিকে উত্তরবঙ্গ থেকে বৈদ্যুতিক খুঁটিবাহী ঢাকামুখী একটি ট্রাকের সঙ্গে একই সড়কের সদর উপজেলার মুলিবাড়ী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কোমল পানীয়বাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময়ে পেছন থেকে আসা আরও একটি ট্রাক খুঁটিবাহী ট্রাকটিকে ধাক্কা দিলে তিনটি ট্রাকেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। কেবিনের ভেতর চাপা পড়ে ঘটনাস্থলেই খুঁটিবাহী ট্রাকের চালক আবদুর রহিম মারা যান। অপর দুই ট্রাকের চালক ও এক সহকারী আহত হন। খবর পেয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেন। দুর্ঘটনার কারণে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা করে দুর্ঘটনাকবলিত ট্রাক তিনটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি রকিবুল ইসলাম বলেন, দুটি দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের সিরাজগঞ্জ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। ক্ষতিগ্রস্ত যানবাহন পাঁচটি সরিয়ে থানায় এনে রাখা হয়েছে।