সিরাজগঞ্জে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ
সিরাজগঞ্জ থেকে ঢাকায় চলাচলকারী সব কোচ-বাসের যাত্রীদের কাছ থেকে সরকার-নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। যাত্রীদের অভিযোগ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ থেকে ঢাকার দূরত্ব ১২৩ কিলোমিটার। সরকার-নির্ধারিত ভাড়া প্রতি কিলোমিটার ১ দশমিক ৩৩ টাকা হিসাবে ভাড়া হয় ১৬৩ টাকা। এর সঙ্গে যোগ হবে বঙ্গবন্ধু সেতুর টোল-ভাড়া বাবদ যাত্রীপ্রতি ২২ টাকা। সব মিলে জনপ্রতি ভাড়া নেওয়ার কথা ১৮৫ টাকা। কিন্তু যাত্রীপ্রতি ভাড়া নেওয়া হচ্ছে ২৫০ টাকা। ঈদ-পরবর্তী অগ্রিম টিকিটের জন্য নেওয়া হচ্ছে জনপ্রতি ৩০০ থেকে ৩৫০ টাকা। অভি এন্টারপ্রাইজের কাউন্টার মাস্টার জালাল উদ্দিন বলেন, মালিক সমিতির নির্দেশ মোতাবেকই ভাড়া আদায় করা হচ্ছে। স্টারলিট কাউন্টারের কাউন্টার মাস্টার শাহ আলম বলেন, ১০ নভেম্বর পর্যন্ত অগ্রিম টিকিট বাবদ উল্লিখিত হারে ভাড়া নেওয়া হবে। এর চেয়ে বেশি কিছু বলা যাবে না। সিরাজগঞ্জ জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি জিন্নাহ আলমাজি বলেন, ‘সরকারি নির্ধারিত রেটেই নেওয়া হচ্ছে, তবে ঈদের জন্য কিছুটা বেশি নেওয়া হচ্ছে।’ বিআরটিএ সিরাজগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক ফজলুর রহমান জানান, অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়টি দীর্ঘদিন ধরে চলে আসছে। এ বিষয়ে বিভিন্ন সময়ে আন্তজেলা পরিবহন সমন্বয় কমিটির সভায় উত্থাপিত হলেও বাস মালিক সমিতির নেতারা তা আমলে নেন না। জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে অভিযোগ পাওয়ার পর নির্ধারিত ভাড়া নেওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। তার পরও কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।