দিনাজপুরে স্কুলছাত্রী ও বগুড়ায় এক নারীকে ধর্ষণের অভিযোগ
সিরাজগঞ্জে ধর্ষণের অভিযোগে দুই যুবলীগ নেতা গ্রেপ্তার
সিরাজগঞ্জের তাড়াশে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় তাড়াশ থানায় করা মামলায় গতকাল বুধবার স্থানীয় যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই কিশোরীর অভিযোগ, মঙ্গলবার বিকেলে যুবলীগের ওই দুই নেতা তাঁকে তুলে নিয়ে ধর্ষণ করেছেন।
দিনাজপুরের চিরিরবন্দরে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর ওই দৃশ্য মুঠোফোনে ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আবারও ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এদিকে বগুড়ার ধুনট সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা হয়েছে। তবে ওই ইউপি চেয়ারম্যান অভিযোগ অস্বীকার করে বলেছেন, এলাকায় বিরোধের জেরে ওই মামলা করানো হয়েছে।
তাড়াশে কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হওয়া দুজন হলেন উপজেলার নওগাঁ ইউনিয়ন যুবলীগের তথ্যবিষয়ক সম্পাদক মো. আনিছুর রহমান এবং নওগাঁ ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মহির উদ্দিন। পুলিশ দুই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
এজাহারে অভিযোগ করা হয়, ওই কিশোরী পাশের গুরুদাসপুর উপজেলা থেকে চার দিন আগে তাড়াশে বোনের বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে সে ছোট ভাইকে নিয়ে মহিষলুটি মাছের আড়ত দেখতে যায়। তখন যুবলীগের নেতা আনিছুর ও মহির তাকে জোরপূর্বক ভ্যানে তুলে নওগাঁ-মহিষলুটি সড়কের বিদ্যাধর এলাকার একটি বাড়িতে নিয়ে বেঁধে ধর্ষণ করেন। পরে কিশোরীর চিৎকারে লোকজন তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান বলেন, ধর্ষণের অভিযোগে মঙ্গলবার রাতে ওই কিশোরী দুজনের বিরুদ্ধে মামলা করে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরীকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন খান বলেন, গ্রেপ্তার হওয়া যুবলীগের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কারের প্রক্রিয়া চলছে।
দিনাজপুরের চিরিরবন্দরে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের পর সে দৃশ্য মুঠোফোনে ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আবার ধর্ষণের অভিযোগে দুলাল হোসেন (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মঙ্গলবার চিরিরবন্দর থানায় মামলা করেছেন ছাত্রীটির মা। দুলাল উপজেলার একটি স্কুলের পরিচালক।
ওই ছাত্রী অভিযোগ করেছে, দুলাল হোসেন প্রায়ই তাকে স্কুলে ডেকে পড়াতেন। একদিন ধর্ষণ করে ওই দৃশ্য মুঠোফোনে ধারণ করে কাউকে বলতে নিষেধ করেন। পরে ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আরও কয়েকবার তাকে ধর্ষণ করেন। ছাত্রীটি সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।
চিরিরবন্দর থানার ওসি মো. হারেসুল ইসলাম বলেন, আসামি পলাতক। গ্রেপ্তারে অভিযান চলছে।
বগুড়ার ধুনট উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল মিয়াসহ চারজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন টাঙ্গাইলের মধুপুরের এক নারী। বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে করা মামলায় তিনি অভিযোগ করেন, ধুনটের মাঠপাড়া গ্রামের লিমন হোসেনের সঙ্গে তাঁর প্রেম ছিল। ১৪ আগস্ট তিনি বগুড়ার শেরপুরের সকাল বাজারে লিমনের কাছে যান। সেখানে একটি বাসায় নিয়ে তাঁকে ধর্ষণ করেন লিমন। পরদিন লিমন ধনুটের মাঠপাড়া গ্রামে দুই বন্ধু ইব্রাহীম হোসেন ও মুকুল হোসেনের কাছে তাঁকে দিয়ে সটকে পড়েন। ওই দুজন একটি বাড়িতে নিয়ে তাঁকে ধর্ষণ করে পালিয়ে যান। ওই রাতে ধুনট সদর ইউপির চেয়ারম্যান লাল মিয়ার বাড়িতে তিনি অভিযোগ নিয়ে গেলে তিনিও তাঁকে ধর্ষণ করেন।
মঙ্গলবার মামলাটির শুনানি শেষে ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক ইমদাদুল হক থানা-পুলিশকে এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দেন।
অভিযোগ প্রসঙ্গে লাল মিয়া বলেন, এলাকায় বিরোধের জের ধরে এক ব্যক্তি ওই নারীকে দিয়ে মামলা করিয়েছেন।