সিরাজগঞ্জে ধসে পড়েছে শহররক্ষা বাঁধের ৮০ মিটার

পানির ঘূর্ণাবর্তের কারণে সিরাজগঞ্জের যমুনা নদীর স্থায়ী শহররক্ষা বাঁধের ৮০ মিটার ধসে পড়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পঞ্চমবারের মতো বাঁধে এই ধসের কারণে সিরাজগঞ্জবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পানি উন্নয়ন বিভাগ থেকে দাবি করা হয়, পানির ঘূর্ণাবর্তের কারণে বাঁধের নিচের অংশের মাটি সরে যাওয়ায় ওপরের সিসি ব্লকগুলো দেবে এই ধস নেমেছে। বালুর বস্তা, সিসি ব্লক দিয়ে ধস নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ধসে পড়া স্থানসহ পুরো হার্ডপয়েন্ট এলাকা পর্যবেক্ষণ করতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বিভাগের বিশেষায়িত শাখা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রাত ১০টার দিকে শহররক্ষা বাঁধের হার্ডপয়েন্টের প্রস্তাবিত রাসেল পার্ক এলাকার পুরোনো জেলখানার কাছে বাঁধের ৯৬০ থেকে ১০৬০ চেইনেজের তলদেশ থেকে বুদবুদ উঠতে শুরু করে। এর কিছুক্ষণ পর নিচ থেকে বাঁশের খুঁটি ভেসে উঠতে থাকে। এরপরই ধস নামে। রাত তিনটা পর্যন্ত বাঁধের লম্বায় ৮০ মিটার এবং প্রস্থে ৩০ মিটার অংশ ধসে যায়।

সকালে ঘটনাস্থলে উপস্থিত বিশ্বব্যাংকের প্রতিনিধি জুনিয়র কনসালট্যান্ট প্রকৌশলী নজরুল ইসলাম জানান, বুধবার বিকেলে সার্ভে রিপোর্টে বাঁধের নিচ থেকে নদীর অভ্যন্তরে প্রায় ৪৫ মিটার দূরে গর্তের সৃষ্টি হয়েছে বলে ধরা পড়ে। এ সময় ওই বালুর বস্তা ফেলার জন্য প্রস্তুতি নেওয়া হয়। মুহূর্ত্যের মধ্যে গর্তটি বড় আকার ধারণ করে। ফলে বাঁধের নিচ থেকে বালু মাটি সরে গিয়ে ধস নামে।
এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বিভাগের বিশেষায়িত শাখার নির্বাহী প্রকৌশলী মো. সাজেদুর রহমান জানান, প্রতিনিয়ত ব্যাথিমেটিক সার্ভে করে বাঁধের তলদেশে নদীর অভ্যন্তরে পর্যবেক্ষণ করা হচ্ছে। যখন যেখানে গর্তের সন্ধান পাওয়া যাচ্ছে, সেখানেই বালুর বস্তা নিক্ষেপ করা হচ্ছে। যমুনা নদীর গতিপ্রকৃতি বোঝা মুশকিল। কখন কোন রুপ ধারণ করে সহজে অনুমান করা কঠিন। ধসে যাওয়া স্থানে বালুর বস্তা নিক্ষেপ করে আয়ত্তে আনার চেষ্টা চালানো হচ্ছে। তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।