সিরাজগঞ্জে নতুন দামে মিলছে না ইউরিয়া
সরকার ইউরিয়া সারের দাম প্রতি কেজিতে চার টাকা করে কমিয়ে দিলেও সিরাজগঞ্জের খুচরা ব্যবসায়ীরা খোলাবাজারে বেশি দামে সার বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে কৃষকেরা কম দামে সার পাচ্ছেন না।কৃষক ও সারের ডিলাররা জানান, ২৫ আগস্ট কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ইউরিয়া সারের দাম কেজিপ্রতি চার টাকা করে কমিয়ে দেওয়ার ঘোষণা দেন। এ ব্যাপারে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঘোষণার দিন থেকেই এ নির্দেশ কার্যকর হবে। ডিলারদের নতুন নির্ধারিত মূল্যে সার বিক্রি করতে হবে। কিন্তু কাজীপুর উপজেলার সীমান্তবাজার, সোনামুখী; শাহজাদপুর উপজেলার সদর ও তালগাছী; উল্লাপাড়া এবং তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকার হাট-বাজারে আগের দামেই সার বিক্রির অভিযোগ পাওয়া গেছে।সীমান্তবাজারের কৃষক রেজাউল করিম, তালগাছী গ্রামের কৃষক আবদুল মান্নান অভিযোগ করেন, খোলাবাজারে খুচরা ব্যবসায়ীরা সিন্ডিকেট করে আগের মূল্যে প্রতি কেজি ২০ টাকা দরে ইউরিয়া সার বিক্রি করছেন। তাঁরা বলছেন, নতুন সার না তোলা পর্যন্ত নতুন দাম কার্যকর করা সম্ভব হবে না।সীমান্তবাজার এলাকার খুচরা ব্যবসায়ী ময়নুল ইসলাম বলেন, ‘আমাদের আগের কিছু সার মজুত আছে। তাই আগের দামেই সার বিক্রি করা হচ্ছে। তবে আমাদের আর্থিক ক্ষতি হলেও দু-একদিনের মধ্যেই নতুন নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে।’বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) কাজীপুর উপজেলার সারের ডিলার ফজলে আলম জানান, সরকার ঘোষণা দেওয়ার পর তাঁরা খুচরা বিক্রেতাদের নতুন দামে সার বিক্রির নির্দেশ দিয়েছেন। যদি কেউ আগের দরে বিক্রি করেন, এ দায়িত্ব তাঁকেই নিতে হবে। কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল ইসলাম জানান, এ বিষয়ে তাঁর কাছে কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে জড়িত ডিলার বা খুচরা বিক্রেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।