সিরাজগঞ্জে নদীখননে পাউবোর সাড়ে চার কোটি টাকা গচ্চা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধকে রক্ষা করার জন্য গত বছর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নদীখনন (ড্রেজিং) করেছিল। ভাঙন ঠেকাতে পানির প্রবাহ তীর থেকে মধ্যে নেওয়ার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু বর্ষা মৌসুমে এ কাজ করায় তা কোনো উপকারেই আসেনি বলে অভিযোগ পাওয়া গেছে। শুষ্ক মৌসুমে নদী খনন করলে নদীর পানির প্রবাহ পরিবর্তন করে বাঁধ রক্ষা করা সম্ভব হতো বলে অনেকেই মতামত দিয়েছেন।পাউবো সিরাজগঞ্জ কার্যালয়সহ একাধিক সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১০ জুলাই ও ১৭ জুলাই দুই দফায় সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের বিশেষায়িত শাখার নিয়ন্ত্রণাধীন শহর রক্ষা বাঁধের প্রায় ৩০০ মিটার ধসে যায়। এ সময় যমুনা নদীর পানির গতিপথ পরিবর্তন করার জন্য জরুরিভাবে নদীর অভ্যন্তরে খননের কাজ শুরু করা হয়। নদীর প্রায় মধ্য স্থানের দিয়ারপাড়া চর এলাকায় পাউবোর দুটি ড্রেজার মেশিন বাঁধ ধসে যাওয়ার এক সপ্তাহ পর থেকে খননের কাজ শুরু করে। ২৬ দিন এ খননের কাজ করা হলেও বর্ষা মৌসুমে কাজ করায় আবার সে স্থান বালুতে ভরাট হয়ে যায়। যে কারণে পানির গতিপথ পরিবর্তন না হওয়ায় ড্রেজিং বন্ধ করে দেওয়া হয়। সে সময় পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন সরেজমিনে এসে ঘোষণা করেছিলেন, ব্যাপক ড্রেজিংয়ের মাধ্যমে নদী খননের কাজ শুরু করা হবে। কিন্তু সে সিদ্ধান্ত এখনো বাস্তবায়ন করা হয়নি।পাউবোর একটি সূত্রে জানা গেছে, খননের বিল বাবদ পাউবোর ড্রেজিং পরিদপ্তর থেকে প্রায় সাড়ে চার কোটি টাকার বিল দাখিল করা হয়। ওই বিলের টাকার মধ্যে পাউবো গত সপ্তাহে দুই কোটি টাকা পরিশোধ করেছে।বাসদের সিরাজগঞ্জ জেলার সমন্বয়ক নবকুমার কর্মকার অভিযোগ করে বলেন, পাউবোর কর্মকর্তারা পরিকল্পিতভাবে কাজ করলে একদিকে ভাঙন থেকে বাঁধ রক্ষা করা সম্ভব হতো, অন্যদিকে সরকারি টাকারও অপচয় হতো না। পাউবোর সিরাজগঞ্জ কার্যালয়ের বিশেষায়িত শাখার নির্বাহী প্রকৌশলী মো. আবদুল মালেক জানান, ওই সময় নদীর গতিপথ পরিবর্তন করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে জরুরি ভিত্তিতে ড্রেজিং শুরু করা হয়। তবে এ ড্রেজিং যদি জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের দিকে করা হতো তাহলে শতভাগ উপকার পাওয়া যেত।পাউবোর প্রধান কার্যালয়ের ড্রেজিং পরিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মনজুর হোসেন জানান, ওই সময়ের ড্রেজিং বাবদ প্রায় সাড়ে চার কোটি টাকার বিল দাখিল করা হয়েছে। এর মধ্যে দুই কোটি টাকা পাওয়া গেছে। তিনি দাবি করে বলেন, ওই সময় ড্রেজিং করায় ভাঙন কিছুটা হলেও কমেছে। এবারও ড্রেজিং করার পরিকল্পনা রয়েছে। সবকিছু চূড়ান্ত হলে এ মাসের মধ্যেই ড্রেজিং শুরু করা হবে।