সিরাজগঞ্জে নিখোঁজের দুদিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার
নিখোঁজ হওয়ার দুই দিন পর সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর থানা এলাকায় যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় সাব্বির হোসেন (১৬) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রোববার সন্ধ্যা ছয়টার দিকে নদীর এনায়েতপুর বন্যানিয়ন্ত্রণ বাঁধ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। সাব্বির এনায়েতপুর থানার কেজির মোড় এলাকার মো. রঞ্জু সেখের ছেলে। সে গোপরেখী টেকনিক্যাল স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ৩ মার্চ দুপুরের দিকে সাব্বির তার মায়ের কাছ থেকে ৫০ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে পাওয়া না গেলে ওই দিন রাতেই তার বাবা রঞ্জু সেখ এনায়েতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
গতকাল রোববার বিকেলে এলাকাবাসী যমুনা নদীর এনায়েতপুর বন্যানিয়ন্ত্রণ বাঁধ এলাকার কাছে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। খবর পেয়ে সাব্বিরের পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করে।
ওসি বলেন, উদ্ধার করা লাশের শরীরে কোনো চিহ্ন দেখা যায়নি। যে কারণে ময়নাতদন্ত ছাড়া প্রকৃত কারণ বলা কঠিন। লাশটি ময়নাতদন্তের জন্য আজ সোমবার সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর মারা যাওয়ার প্রকৃত কারণ নিশ্চিত হয়ে মামলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।