পৌরসভা নির্বাচনের পর গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জ শহরের তিনটি স্থানে পৃথক সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছে। এ সময় দুটি দোকান ও তিনটি বাড়ি ভাঙচুর হয়। আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে।পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল সকালে পৌরসভার নির্বাচনে চককোবদাস পাড়ার পরাজিত কাউন্সিলর প্রার্থী গোলাম মোস্তফার সমর্থকেরা ভোট দেওয়া হয়নি উল্লেখ করে একই এলাকার উত্তরপাড়া মহল্লায় হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। প্রথম দিকে সংঘর্ষ থামার পর পরবর্তী সময়ে দুই দফায় আরও সংঘর্ষ হয়। এই সংঘর্ষে ইটপাটকেল, লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এ ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়। এ সময় চককোবদাস পাড়ার রশিদের বাড়িসহ তিনটি বাড়ি ও দুটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই দিনে নির্বাচনের ঘটনাকে কেন্দ্র করে শহরের জানপুর, মাসুমপুর ও মাসুয়াকান্দি মহল্লায় প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।