সিরাজগঞ্জে নির্মাণশ্রমিক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী গ্রামে সাগর আলী (৪৫) নামের এক নির্মাণশ্রমিককে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ওই শ্রমিকের স্ত্রী ও তাঁর প্রেমিককে গ্রেপ্তার করেছে। পরকীয়া প্রেমের জের ধরে গতকাল রোববার ভোররাতের দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশের ধারণা। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাতিজা একটি হত্যা মামলা করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বহুলী গ্রামের মৃত ফরমান আলীর ছেলে নির্মাণশ্রমিক সাগর আলীর স্ত্রী শেফালী খাতুনের (৩০) সঙ্গে একই গ্রামের তারা মিয়ার প্রেমের সম্পর্ক ছিল। গত শনিবার রাতেও সাগর নিজ বাড়িতে ছিলেন। গতকাল সকালে বাড়ির পাশের ধানখেতে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। তাঁদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।