সিরাজগঞ্জে নৌকাডুবির উদ্ধার অভিযান শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মিটুয়ানীতে গত বৃহস্পতিবার নৌকাডুবির ঘটনায় চালানো উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে প্রশাসন। এ নিয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্বজনের লাশ না পেয়ে ফিরে গেছেন অনেকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আবদুল্লাহ আজ শনিবার উদ্ধার অভিযান সমাপ্তির ঘোষণা দেন। তিনি জানান, ঘটনার পর তিন দিন ধরে ডুবুরি দল ও বিআইডব্লিউটিএর পক্ষ থেকে দুর্ঘটনাস্থলে অভিযান চালানো হয়। সেখানে কোনো লাশ বা ডুবে যাওয়া নৌকা নেই নিশ্চিত হওয়ার পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। তিনি বলেন, ডুবে যাওয়া নৌকা ও লাশ ভাটির দিকে ভেসে গেছে। ঘটনাস্থলের এলাকায় অভিযান চালিয়ে কোনো ফল পাওয়া যাবে না।

এদিকে, উদ্ধার অভিযান শেষ করায় এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

মিটুয়ানী গ্রামের আবদুল জলিল বলেন, প্রশাসন উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করলেও এলাকাবাসীর পক্ষ থেকে উদ্ধার অভিযান চলবে।

লাশের আশায় নদীর তীরে ভিড় জমিয়েছিলেন নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা। লাশ না পেয়ে তাঁরা ঘরে ফিরে গেছেন।

বৃহস্পতিবার সকালে মিটুয়ানী বাজার ঘাট এলাকা থেকে ৪০/৫০ জন যাত্রী নিয়ে একটি নৌকা চরসলিমাবাদ ঘাটে যাচ্ছিল। নৌকাটি রওনা দেওয়ার পরপরই নদীতে বিলীন সেতুর সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। অনেকে সাঁতরে তীরে ওঠেন। তবে অধিকাংশ যাত্রী নদীর স্রোতে ভেসে যায়। এ ঘটনায় সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়। শেষ পর্যন্ত অন্তত ১০ জন যাত্রী নিখোঁজ রয়েছে বলে এলাকাবাসীর দাবি।

এ ব্যাপারে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হক জানান, কতজন নিখোঁজ রয়েছেন, তা সঠিক করে বলা যাচ্ছে না। তবে এলাকাবাসী নিখোঁজের একটি তালিকা দিয়েছেন। তালিকা অনুযায়ী, পাঁচজন নিখোঁজ রয়েছেন।