সিরাজগঞ্জে পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশনের ইকোপার্ক এলাকায় গতকাল লাইনচ্যুত হয় পণ্যবাহী একটি ট্রেন l ছবি: প্রথম আলো
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশনের ইকোপার্ক এলাকায় গতকাল লাইনচ্যুত হয় পণ্যবাহী একটি ট্রেন l ছবি: প্রথম আলো

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশনের ইকোপার্ক এলাকায় গতকাল রোববার সকালে পণ্যবাহী একটি ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এরপর ওই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাত নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনমাস্টার আবদুল গফুর মণ্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ এবং স্থানীয়রা জানিয়েছে, দিনাজপুরের পার্বতীপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া পণ্যবাহী একটি ট্রেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশনের ইকোপার্ক এলাকার কাছে ইঞ্জিনসহ লাইনচ্যুত হয়। এ সময় একটি লাইন মূল লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করে রেলওয়ের রাজশাহী বিভাগীয় মহাব্যবস্থাপক মো. খায়রুল ইসলাম প্রথম আলোকে বলেন, লাইনের পয়েন্টের ভুল নির্দেশনা দেওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। সঠিক ঘটনা জানতে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।