সিরাজগঞ্জে পরীক্ষা জালিয়াতির মামলায় অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষাকেন্দ্রের পরিবর্তে বাসায় ছেলের পরীক্ষা নেওয়ার ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া সিরাজগঞ্জ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও পরীক্ষাকেন্দ্রের সচিব সামসুল আলমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম এই অভিযোগপত্র দিয়েছেন। অভিযোগপত্র ও তদন্ত প্রতিবেদন থেকে জানা গেছে, ছাত্র না হওয়া সত্ত্বেও সামসুল আলম তাঁর ছেলে মাহমুদুল হাসানকে সিরাজগঞ্জ আলিয়া মাদ্রাসায় নিবন্ধন ও ২০১৩ সালের দাখিল পরীক্ষার ফরম পূরণ করান। গত ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া দাখিল পরীক্ষায় তাঁর ছেলে অংশ নেয়। ১৭ ফেব্রুয়ারি ইংরেজি পরীক্ষার দিন বিষয়টি জানাজানি হয়ে যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত রহমানের জেরার মুখে সামসুল আলম ঘটনার সত্যতা স্বীকার করেন। পরে আরাফাত রহমান অধ্যক্ষের বিরুদ্ধে পরীক্ষায় জালিয়াতির অভিযোগে মামলা করেন। এ ছাড়াও জেলা প্রশাসন ও বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে তিন দফা তদন্ত করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবদুস সালাম জানান, তদন্তে অধ্যক্ষের পরীক্ষায় জালিয়াতির প্রমাণ পাওয়ায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে।