সিরাজগঞ্জে পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে মহাসড়কের ওপর পশুর হাট। ছবিটি গত রোববার বোয়ালিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা l প্রথম আলো
সিরাজগঞ্জে মহাসড়কের ওপর পশুর হাট। ছবিটি গত রোববার বোয়ালিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা l প্রথম আলো

কোরবানি ঈদ উপলক্ষে সিরাজগঞ্জে মহাসড়ক ও আঞ্চলিক সড়কের ওপর পশুর হাট বসায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে এই সড়ক ও মহাসড়কে চলাচলকারীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। এ ছাড়া হাটের ইজারাদারেরা ক্রেতা ও বিক্রেতার কাছ থেকে অতিরিক্ত খাজনা (হাসিল) আদায় করছেন বলে অভিযোগ উঠেছে।

উপজেলা প্রশাসন, ইজারাদার ও পশু বিক্রেতা সূত্রে জানা গেছে, উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া বাসস্ট্যান্ডে নগরবাড়ি-বগুড়া মহাসড়কের ওপর এবং একই উপজেলার দুটি আঞ্চলিক সড়কের ওপর বড়হর ও জনতার হাট বসানো হয়েছে। প্রতি রবি, বৃহস্পতি ও শনিবার হাট বসে। বন্যার পানি জমে থাকায় উল্লাপাড়ার বোয়ালিয়া, বড়হর ও জনতার গরুর হাট ওই সড়কের ওপর বসানো হয়েছে। হাটে গরু বাঁধার জন্য গরুপ্রতি ২০০ টাকা করে নেওয়া হচ্ছে।

এদিকে হাটগুলোর পাশাপাশি তাড়াশের নওগা, সলঙ্গা থানার সলঙ্গা গরুর হাটে পশু ক্রেতাদের কাছ থেকে ৫০০ থেকে ৮০০ টাকা এবং বিক্রেতার কাছ থেকে ২০০ টাকা, প্রতি ছাগল ক্রয়-বিক্রয়ে ২০০ টাকা করে হাসিল নেওয়া হচ্ছে। অতিরিক্ত খাজনা নেওয়া হলেও ক্রেতা-বিক্রেতাদের রসিদে টাকার পরিমাণ লেখা হচ্ছে না।

গত রোববার সরেজমিনে বোয়ালিয়া ও শনিবার জনতার হাটে দেখা গেছে, সড়কের ওপর সারি সারি গরু বেঁধে রাখা হয়েছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে।

উল্লাপাড়ার ছোনতলা গ্রামের গরু বিক্রেতা আনোয়ার হোসেন বলেন, জনতার হাটে দুটি ষাঁড় বিক্রির জন্য ৪০০ টাকা দিয়ে দুটি খুঁটি কিনে বাঁধতে হয়েছে। এ ব্যাপারে হাটের ইজারাদার রফিকুল ইসলাম বলেন, হাটে আনা গরুগুলোকে নিরাপদভাবে বেঁধে রাখার জন্য হাট কর্তৃপক্ষ খরচ করে খুঁটি পুঁতেছে। খরচ তোলার জন্য এই টাকা নেওয়া হচ্ছে।

বোয়ালিয়া হাটে পশু ক্রেতা একরাম হোসেন, নওগা হাটের ইসমাইল হোসেন বলেন, ৫০ হাজার টাকায় ষাঁড় কিনে ৬০০ টাকা খাজনা দিতে হয়েছে। আবার বিক্রেতার কাছ থেকেও ২০০ টাকা নেওয়া হয়েছে। এর আগে সরকারের নিয়ম অনুযায়ী গরুপ্রতি দেড় শত টাকা করে খাজনা নেওয়া হতো। ঈদ উপলক্ষে বাড়িয়ে দেওয়া হয়েছে।

বোয়ালিয়া হাটের ইজারাদারের প্রতিনিধি স্থানীয় ইউপি চেয়ারম্যান জহুরুল হক বলেন, বন্যায় হাটের জায়গা পানিতে নিমজ্জিত থাকায় বাধ্য হয়ে গরুর মালিকেরা সড়কের ওপর গরু নিয়ে এসেছেন। কাউকে কিছু বলতে হয়নি। তবে অতিরিক্ত কোনো খাজনা আদায় করা হচ্ছে না বলে তিনি উল্লেখ করেন।

নওগা হাটটি এবার সরকারি খাস খতিয়ানেই রয়েছে। হাসিল আদায়কারী তহশিলদার তায়বুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি সাংবাদিক নাম শুনে ফোন কেটে দেন। এরপর একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি।

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম দেওয়ান ফেরদৌস ইসলাম বলেন, ‘অভিযোগ মৌখিকভাবে শুনেছি। নতুন যোগদান করেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’