সিরাজগঞ্জে পাঁচটি ট্রাকে আগুন, বিচ্ছিন্ন পিকেটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জ উপজেলায় অবরোধের সমর্থনে মিছিল ও বিচ্ছিন্ন পিকেটিংয়ের ঘটনা ঘটেছে। এ সময় পিকেটাররা সড়ক অবরোধ করে পাঁচটি গাড়িতে অগ্নিসংযোগ করে এবং ককটেলের বিস্ফোরণ ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোর রাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সীমান্তবাজারে সবজিবোঝাই একটি ট্রাকে (চট্ট মেট্রো-ড-১১-১২১৬) অগ্নিসংযোগ করে অবরোধকারীরা। পরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের ঘুরকা এলাকায় রাত তিনটার দিকে  সারবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৯৯৬৪) ও চট্টগ্রাম থেকে বগুড়াগামী ছোলাবোঝাই অপর একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১৬-৯০০৮) অগ্নিসংযোগ করে অবরোধকারীরা।

একই সময়ে রায়হাটিতে ঢাকা থেকে বগুড়াগামী এস এ পরিবহনের কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ-১৪-০০২৭) ও ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী আরেকটি ট্রাকে (যশোর মেট্রো-ড-১১-০৫৭১) আগুন ধরিয়ে দেওয়া হয়।

সিরাজগঞ্জ পৌর এলাকায় ভোর সাড়ে ছয়টার দিকে সমাজকল্যাণ মোড়ে অবরোধের সমর্থনে মিছিল করেছেন জামাত-শিবিরের কর্মীরা। এ সময় রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়।

এ ছাড়াও অবরোধের দ্বিতীয় দিন গত রোববার রাত নয়টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী গরুবোঝাই একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। সাড়ে নয়টার দিকে সিরাজগঞ্জ-সয়দাবাদ বাইপাস সড়কের সদর উপজেলার পাইকপাড়ায় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে অবরোধকারীরা ।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ফরিদ আহম্মেদ ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা নিশ্চিত করে জানান, নিয়মিত টহল থাকার পরও চোরাগোপ্তা হামলা করে অগ্নিসংযোগের এই ঘটনা ঘটানো হয়েছে।