সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে দুটি নদীর পানি কমলেও একটির পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিরাজগঞ্জ: উজান থেকে নেমে আসা ঢলের পানিতে সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ৩৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপে চৌহালী উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) দোতলা ভবন গত রোববার সকালে নদীগর্ভে বিলীন হয়েছে।
উপজেলা প্রকৌশলী নাসির আহমেদ জানান, ভাঙনে বিআরডিবি ভবন নদীগর্ভে বিলীন হওয়ার পর এলাকায় ভাঙন-আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মুরাদনগর প্রাথমিক বিদ্যালয় হুমকির মুখে পড়েছে। উপজেলা পরিষদের দোতলা ভবন নদী থেকে ১০ গজ দূরে রয়েছে।
পাউবো সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী বাবুল চন্দ্র শীল বলেন, ‘ইতিমধ্যে জেলার শতাধিক গ্রাম পানিতে নিমজ্জিত হয়েছে।’
চাঁপাইনবাবগঞ্জ: জেলার পদ্মা ও মহানন্দা নদীতে পানি কমলেও বন্যাকবলিত লক্ষাধিক মানুষের দুর্ভোগ কমেনি। এক মাস ধরে বন্যার পানিতে ডুবে থাকা চরাঞ্চলের মানুষের এখনো দিন কাটছে খাবার ও বিশুদ্ধ পানির সংকটে।
গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল পর্যন্ত) জেলায় পদ্মা নদীতে ১৪ সেন্টিমিটার ও মহানন্দা নদীতে ৭ সেন্টিমিটার পানি কমেছে। এখনো মহানন্দা নদীর পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সদর ও শিবগঞ্জ উপজেলার ১৪ ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী।
ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে বন্যার কারণে ১২টি গ্রামের প্রায় দুই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল বিকেল চারটা পর্যন্ত) যমুনা নদীর পানি ৪৮ সেন্টিমিটার বেড়ে ধুনটের শহড়াবাড়ী পয়েন্টে বিপৎসীমার চার সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীর দুই তীর উপচে ১২টি গ্রাম প্লাবিত হয়েছে।