সিরাজগঞ্জে পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্টে পাঁচ ব্যক্তির মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুর ও বেলকুচি উপজেলায় পানিতে ডুবে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের ঘোড়াশাল গ্রামের মিথুন মিয়া (১০), কৈজুরী ইউনিয়নের হাট-পাচিল গ্রামের সোনিয়া খাতুন (৪), পৌর শহরের শক্তিপুর মহল্লার জমেলা খাতুন (২৫), চরবেলতৈল গ্রামের ইয়াকুব আলী (১৬) ও বেলকুচি উপজেলার বেড়া খারুয়া গ্রামের আবদুল আওয়াল (২৮)।
নিহত ব্যক্তিদের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বেলতৈল ইউনিয়নের ঘোড়াশাল গ্রামের সাইফুল ইসলামের ছেলে মৃগী রোগী মিথুন বাড়ির পাশের ডোবায় গোসল করতে গিয়ে তলিয়ে যায়। পরে সন্ধ্যায় তার লাশ ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করেন।
কৈজুরী ইউনিয়নের পর হাট-পাঁচিল গ্রামের শের আলী ব্যাপারীর মেয়ে সোনিয়া শুক্রবার সন্ধ্যায় পানিতে পড়ে যায়। গতকাল শনিবার সকালে তার লাশ পাওয়া যায়।
এ ছাড়া গতকাল সকালে পৌর এলাকার শক্তিপুর গ্রামে জমেলা নামের এক প্রতিবন্ধী বাড়ির পাশে পানিতে ডুবে যায়। দুই ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়।
বেলতৈল ইউপির চরবেলতৈল গ্রামের আবদুল মজিদের ছেলে ইয়াকুব গত শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, গত বৃহস্পতিবার বেলকুচি উপজেলার বেড়া খারুয়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে আবদুল আওয়াল বাড়ির পাশে যমুনা নদীতে বন্যার পানি দেখতে গিয়ে নিখোঁজ হন। গতকাল শনিবার সকালে নদীর ভাটিতে তাঁর লাশ ভেসে ওঠে।