সিরাজগঞ্জে পিকআপ ভটভটির সংঘর্ষে তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে পিকআপ ভ্যান ও শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত ও চারজন আহত হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সদর উপজেলার সয়দাবাদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ভটভটির চালক সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ঘোড়াচড়া গ্রামের আবদুল মালেকের ছেলে ওয়ারেজ আলী (৪০), ধলডোব গ্রামের জুড়ান আলীর ছেলে কাঁচামাল ব্যবসায়ী তাজুল ইসলাম (৩০) ও মৃত জবদুল হোসেনের ছেলে ইসমাইল হোসেন (৫৫)।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ঢাকা থেকে বগুড়াগামী একটি পিকআপ ভ্যান বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সয়দাবাদ মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কচুবোঝাই ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনের চালক ও পাঁচ যাত্রী গুরুতর আহত হন। প্রথমে সবাইকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পাঁচজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে ওই তিনজনের মৃত্যু হয়।
আহত ব্যক্তিদের মধ্যে পিকআপ ভ্যানের চালক বগুড়ার নওয়াপাড়ার খোকন মিয়ার ছেলে লালন মিয়াও (৩২) রয়েছেন। আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।