সিরাজগঞ্জে পিটিআইয়ের প্রশিক্ষণার্থীদের ক্লাস বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ শহরের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) কেন্দ্রে সন্ত্রাসীদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে প্রশিক্ষণার্থী শিক্ষকেরা গতকাল বৃহস্পতিবার ক্লাস বর্জন করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ পাঁচজনকে আটক করেছে।থানার পুলিশ ও পিটিআই সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে বহিরাগত তিন সন্ত্রাসী পিটিআইয়ের আবাসিক এলাকায় প্রবেশ করে। তাদের মধ্যে দুজন পুরুষ হোস্টেলের ভেতরে এবং একজন নারী হোস্টেলের ছাদে ওঠার চেষ্টা করে। প্রশিক্ষণার্থীরা তাদের দেখে ধাওয়া করেন। পালিয়ে যাওয়ার সময় আলামিন ও সামসুল হককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।এ ঘটনায় গতকাল সকালে সন্ত্রাসীরা একজোট হয়ে পিটিআইয়ে এসে হামলা চালায় এবং হোস্টেলের দরজা-জানালা ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সন্ত্রাসীদের সহযোগিতা করার অভিযোগে প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণীর কর্মচারী তাজুল ইসলামসহ তিনজনকে আটক করে পুলিশ।প্রশিক্ষণার্থী শিক্ষক মোস্তাফিজুর রহমান ও আসমাউল হুসনা অভিযোগ করেন, প্রতিদিন প্রতিষ্ঠানের ক্যাম্পাসের মধ্যে বহিরাগত লোকজন এসে মাদক সেবন করে। নারীদের উত্যক্ত করে। মুঠোফোন, কাপড়চোপড় ও টাকাপয়সা চুরি করে নিয়ে যায়। হোস্টেল থেকে পানির লাইনের সব যন্ত্রপাতি খুলে নিয়ে যায় তারা। প্রতিবাদ করলে হামলার স্বীকার হতে হয়।সিরাজগঞ্জ পিটিআইয়ের সুপারিনটেন্ডেন্ট ফরিদা ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি দুঃখজনক। বহিরাগত লোকজন মাঝেমধ্যেই এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসকসহ প্রশাসনকে জানানো হয়েছে।