সিরাজগঞ্জে পুলিশ কর্মকর্তার অপসারণ দাবি
সিরাজগঞ্জে দুর্নীতির অভিযোগে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর আবেদ আলীকে অপসারণ ও মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধের দাবি জানিয়েছে জেলা পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন। ১৮ জানুয়ারির মধ্যে এই দাবি না মানলে ১৯ জানুয়ারি থেকে জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার সকালে সিরাজগঞ্জ বাস-মিনিবাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা সংবাদ সম্মেলন করে এই সময়সীমা ঘোষণা করেছেন। জেলা বাস-মিনিবাস মালিক সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবদুস সালাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, সিরাজগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদার, সাধারণ সম্পাদক আনসার আলী, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সোহরাব আলী প্রমুখ।
বক্তারা বলেন, ট্রাফিক ইন্সপেক্টর আবেদ আলী বিভিন্ন অজুহাতে যানবাহন থেকে জোর করে চাঁদা আদায় করছেন। প্রতিটি গাড়ি থেকে মাসোহারা দাবি করছেন। চাঁদা না দিলে গাড়ির কাগজপত্র থাকা সত্ত্বেও অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে।