সিরাজগঞ্জে পুলিশ ডাকাত গুলিবিনিময় দুজন গ্রেপ্তার
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় যমুনা নদীতে গত শুক্রবার নৌ-ডাকাতদের সঙ্গে পুলিশের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। পুলিশ গুলিবিদ্ধ একজনসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার হওয়া ডাকাতেরা হলেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দদাস গ্রামের মনির হোসেন (৩৫) ও জোয়াত আলী (৪৫)। গুরুতর আহত মনিরকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসনকেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।এলাকাবাসীর কয়েকজন ও পুলিশ জানান, উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের লক্ষ্মীরচর নামক এলাকায় একটি যাত্রীবাহী নৌকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এ খবর পেয়ে ওই দিন সন্ধ্যায় নদীতে টহলরত পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা দেন। ছয়জন পুলিশসহ উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা স্পিডবোট নিয়ে ওই চরের কাছাকাছি গেলে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এ সময় পুলিশের গুলিতে ডাকাত দলের সদস্যরা আহত হয়ে নদীতে পড়ে যান। পরে পুলিশ গুলিবিদ্ধ মনির ও আহত জোয়াতকে গ্রেপ্তার করে। এ সময় ডাকাতদের নৌকাটি জব্দ করা হয়। পরে পুলিশ নৌকা থেকে দুটি রামদা, দুটি হাত দা, কাঁচি, ছুরিসহ লাঠিসোঁটা উদ্ধার করে। মনিরকে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া পুুলিশি পাহারায় জোয়াত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। পুলিশের জিজ্ঞাসাবাদে জোয়াত জানান, তাঁরা নয়জন ডাকাত একটি ইঞ্জিনচালিত নৌকায় করে এসে যাত্রীবাহী ওই নৌকায় ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁদের সবার বাড়ি ভূঞাপুর উপজেলার বিভিন্ন এলাকায়। এ সময় তিনি বাকি সাতজনের নাম ও পরিচয় পুলিশের কাছে দেন। এ ছাড়া তিনি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান প্রথম আলোকে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।