সিরাজগঞ্জে পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণ
১৮ দলের ডাকা অবরোধ চলাকালে আজ রোববার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার শহীদগঞ্জে পুলিশের গাড়িতে অবরোধকারীরা একটি ককটেল নিক্ষেপ করেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এ সময় গাড়িটির সামনের কাচ ভেঙে গেছে।
এদিকে সকালে কাজীপুর-সিরাজগঞ্জ সড়কের সমাজকল্যাণ মোড়ে একটি ট্রাক এবং ফকিরতলায় সিএনজিচালিত একটি অটোরিকশা ভাঙচুর করে পিকেটাররা। এ ঘটনায় একজন আহত হলে তাঁকে সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়াও সকালে সমাজকল্যাণ এলাকায় রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুুলিশকে লক্ষ্য করেই ককটেলটি নিক্ষেপ করা হয়েছিল। তবে কেউ হতাহত না হলেও গাড়ির কাচ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদর থেকে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা আটটি বস্তু পরীক্ষা করে দেখা গেছে এগুলোর ভেতরে বালু ভরে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্যই এই ককটেলসদৃশ বস্তুগুলো রাখা হয়েছে।