সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ডাকাত নিহত
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ডাকাত-পুলিশ ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশসহ আরও কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। গত শুক্রবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ডাকাতের নাম করুণ দাস (২৮)। তিনি কড্ডা কৃষ্টপুর গ্রামের অমূল্য দাসের ছেলে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আমিনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঝাঐল সেতুর পশ্চিম পাশে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা ভ্যানে ডাকাতি শুরু করে। ভ্যানচালকেরা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ছদ্মবেশে ভ্যানযোগে ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় ডাকাত দলের সদস্যরা তাদের ওপর হামলা চালায় এবং পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ ঘটনায় ডাকাত সদস্য করুণ দাস ঘটনাস্থলেই নিহত হন, বাকিরা পালিয়ে যান।
ডাকাতদের হামলায় উপপরিদর্শক মোতালেব হোসেন, কনস্টেবল ওলিউর রহমানসহ পাঁচজন আহত হন। ওসি আরও জানান, নিহত করুণ দাস একজন পেশাদার ডাকাত দলের সদস্য। দীর্ঘদিন ধরে তারা মহাসড়কে ডাকাতি করে আসছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।