সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুজন নিহত
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের এনডিপি কার্যালয়ের কাছে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক ভ্যানচালক নিহত হয়েছেন। অন্যদিকে উল্লাপাড়ায় করতোয়া নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা দুইটা ও গতকাল বুধবার বিকেলে এ দুটি দুর্ঘটনা ঘটে।
বাসের সংঘর্ষে ভ্যানচালক নিহত
জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কামারখন্দ উপজেলার এনডিপি কার্যালয়ের কাছে দুটি বাসের পাশাপাশি সংঘর্ষে একজন ভ্যানচালক (৪০) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ২০ জন।
আজ বুধবার বেলা দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালকের পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধুসেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, কেয়া ও তুহিন পরিবহনের দুটি বাস উত্তরবঙ্গ থেকে ঢাকা যাচ্ছিল। পথে বঙ্গবন্ধু পশ্চিম সেতু সংযোগ সড়কে কেয়া পরিবহনের একটি বাস তুহিন পরিবহনের বাসটিকে ওভারটেক করতে গেলে দুই বাসের পাশাপাশি সংঘর্ষ হয়। এ সময় কেয়া পরিবহনের বাসটি সামনে থাকা একটি ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় দুই বাসের পাশের জানালার কাচ ভেঙে কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়।
ওসি জানান, আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভ্যানচালকের লাশ থানায় রাখা হয়েছে। এখন পর্যন্ত তাঁর কোনো পরিচয় পাওয়া যায়নি।
নদীতে ডুবে শিশুর মৃত্যু
উল্লাপাড়ায় করতোয়া নদীতে পানিতে ডুবে শুভ (৬) নামের এক শিশু মারা গেছে। সে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামের রহমত আলীর ছেলে।
আজ বৃহস্পতিবার সকালে শিশুটির লাশ পাওয়া যায়।
শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেলে করতোয়া নদীসংলগ্ন কালিগঞ্জ গ্রামের পাশে গোসল করতে নেমে শিশুটি নদীতে ডুবে যায়। এর পর থেকে তাকে আর পাওয়া যায়নি। আজ পাশের নেওয়ারগাছা গ্রামের পাশে করতোয়া নদীতে লাশ ভেসে উঠলে স্বজনেরা লাশ শনাক্ত করেন।
শুভর মা শহিদা বেগম জানান, ঈদের পরের দিন তিনি কালিগঞ্জ গ্রামে ভাইয়ের বাসায় শুভকে নিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে বেড়াতে গিয়েছিললেন। এখানে গিয়ে শুভ নদীতে গোসল করতে নেমে ডুবে মারা গেছে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা শিশুটির নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।