সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। আজ শনিবার সদর ও বেলকুচি উপজেলায় দুর্ঘটনা দুটি ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আবদুল হান্নান (১৪)। বাড়ি বেলকুচি উপজেলার চালা গ্রাম। বাবার নাম আবদুল জলিল। নিহত হওয়া অপরজন ট্রাকের চালকের সহকারী। বয়স আনুমানিক ৩০। তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
সদর উপজেলায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বরের ওজন স্টেশনের কাছে আজ দুপুর ১২টার দিকে প্রথম দুর্ঘটনাটি ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আমিনুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী মালবোঝাই একটি ট্রাকের চাকা ঘটনাস্থলে ফেটে যায়। চালকের সহকারী ওই চাকাটি খোলার জন্য যন্ত্র দিয়ে ট্রাকটি উঁচু করেন। এ সময় আকস্মিকভাবে যন্ত্রটি সরে গেলে ট্রাকটি উল্টে যায়। ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালকের সহকারী নিহত হন।
ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে নিহত হওয়া ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

দুপুর সাড়ে বারটার দিকে বেলকুচি উপজেলার চালা নামক স্থানে অপর দুর্ঘটনাটি ঘটে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই জানান, রাস্তা পারাপারের সময় ট্রাকের চাপায় হান্নান নামের এক কিশোর ঘটনাস্থলেই নিহত হয়। ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়েছেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
উভয় দুর্ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা হয়েছে।