সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
সিরাজগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। গতকাল রোববার ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডা-ঝাঐল ওভার ব্রিজের মাঝামাঝি এলাকায় এবং সকালে একই মহাসড়কের বানিয়াগাতী এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, কামারখন্দ উপজেলার চালা শাহবাজপুর গ্রামের মাছ ব্যবসায়ী বৎস্য হালদারের ছেলে পিকআপের যাত্রী পামোছা হালদার (২৬) ও কাভার্ড ভ্যানের চালকের সহকারী সোহাগ মিয়া (২৫)।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ওসি রকিবুল ইসলাম বলেন, সকালে পিকআপ ভ্যানে চড়ে মাছ ব্যবসায়ীরা মহিষলুটি মাছের আড়তে যাওয়ার পথে ওই সড়কের বানিয়াগাতী এলাকায় এসে পিকআপ ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানদিকের গাছে ধাক্কা খায়। এ ঘটনায় পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকসহ আট মাছ ব্যবসায়ী আহত হন। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে পামোছা হালদার মারা যান।
অপর দিকে সকাল আটটার দিকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি কাভার্ড ভ্যান একই সড়কের কড্ডা ঝাঐল এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার সময় দুটি যানের পরস্পর ঘর্ষণ লাগে। এতে ট্রাকটি উল্টে খাদে পড়ে আর কাভার্ড ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কাভার্ড ভ্যানের সহকারী সোহাগ মিয়া মারা যান।
দুটি ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে। গাড়ি দুটিকে জব্দ করা হয়েছে।