সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর ও সলঙ্গায় আজ শুক্রবার দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলামের তথ্যমতে, আজ বেলা দুইটার দিকে সলঙ্গায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাচিলা নামক স্থানে বগুড়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা রংপুরগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে এস আর পরিবহনের বাসচালক মনসুর (৫৫) ও এ আলম পরিবহনের চালকের সহকারী নিহত হন। তাঁর নাম জানা যায়নি। দুর্ঘটনায় দুই বাসের ৩০ জন যাত্রী আহত হন। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন গিয়ে হতাহত যাত্রীদের উদ্ধার করেন। আহত যাত্রীদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেছে।

সকাল ১০টার দিকে সদর উপজেলার বহুলি নামক স্থানে সিরাজগঞ্জ-রায়গঞ্জ সড়কে বালুবোঝাই একটি ট্রাকের চাপায় অজ্ঞাত এক ভ্যানচালক নিহত হয়েছেন। সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) বাসুদেব সিনহা বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেছে।