সিরাজগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে প্রথমবারের মতো একজন করোনা রোগী (৬৫) শনাক্ত হয়েছেন বলে জেলা সিভিল সার্জন নিশ্চিত করেছেন। ওই ব্যক্তি নারায়ণগঞ্জ থেকে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়েন।

বিষয়টি জানাজানি হলে জেলা স্বাস্থ্য বিভাগ গত বৃহস্পতিবার ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠায়। একই সঙ্গে তাঁকে বাড়িতে কোয়ারেন্টিনে রাখা হয়। রোববার রাতে তাঁর নমুনা পরীক্ষার প্রতিবেদন আসে। এরপর বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপরেখীসহ পাঁচটি গ্রাম লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন।

বেলকুচির ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রহমতুল্লাহ বলেন, প্রবীণ ওই ব্যক্তি ১০ দিন আগে নারায়ণগঞ্জ থেকে গ্রামের বাড়িতে আসেন। তাঁর মধ্যে করোনার উপসর্গ থাকায় প্রতিবেশীদের চাপে বাড়ির লোকজন তাঁকে একপ্রকার তাড়িয়ে দেন। পরে তিনি বেলকুচিতে গিয়ে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। অসুস্থ থাকায় প্রথমে তাঁকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। কিন্তু তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান।

রোববার রাতেই দৌলতপুর ইউনিয়নের দুটি ওয়ার্ডের পাঁচটি গ্রাম লকডাউন করা হয়েছে। গ্রামগুলো হলো গোপরেখী, মাধবপুর, ভাঙ্গাবাড়ি, গোপলপুর ও চরকাদহ।

সিভিল সার্জন জাহিদুল ইসলাম বলেন, করোনার প্রাথমিক উপসর্গ থাকায় জেলায় ৭৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। এর মধ্যে ৩৪ জনের প্রতিবেদন এসেছে। কারও করোনা শনাক্ত হয়নি। অন্য ৪০ জনের প্রতিবেদন বাকি ছিল, তার মধ্যে রোববার সন্ধ্যায় ১৪ জনের প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে একজনের করোনা শনাক্ত হয়েছে। বাকিদের প্রতিবেদনে করোনা পাওয়া যায়নি।

সিভিল সার্জন বলেন, করোনাভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি জেলার চৌহালী উপজেলায় হলেও তিনি অসুস্থ হয়ে বেলকুচিতে তাঁর আত্মীয়ের বাড়িতে এসে আশ্রয় নিয়েছেন। ওই বাড়িটিই এখন প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হয়েছে। সেখানে রেখেই তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বর্তমানে স্বাভাবিক আছেন। তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদেরও নমুনা সংগ্রহ করার ব্যবস্থা করা হচ্ছে।