সিরাজগঞ্জে প্রথম জাতীয় আদিবাসী সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের প্রথম জাতীয় সম্মেলন গতকাল শুক্রবার সিরাজগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ সম্মেলনের উদ্বোধন করা হয়।
আদিবাসী ইউনিয়নের আহ্বায়ক রেবেকা সরেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কমরেড মনজুরুল আহসান খান, আশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডালেম চন্দ্র বর্মন, কেন্দ্রীয় কমিটির সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাহ কামাল। বক্তব্য দেন দিবালোক সিং, শ্রীকান্ত মাহাতো প্রমুখ।
বগুড়া, জামালপুর, ময়মনসিংহ, সিরাজগঞ্জ ও পাবনার বিপুলসংখ্যক আদিবাসী সম্মেলনে অংশ নেন। দ্বিতীয় পর্বে রেবেকা সরেনকে সভাপতি, খগেন্দ্র হাজংকে কার্যকরী সভাপতি ও রূপচান বনমকে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি করা হয়। পরে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিকেলে শহরের বাজার রেলস্টেশন চত্বরের স্বাধীনতা স্কয়ারে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও অধিকার নিশ্চিত কর’।
সিপিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মনজুরুল আহসান খান বলেন, ‘যদি আদিবাসীদের এই শোষণ-বঞ্চনা থেকে মুক্তি দিতে না পারি, তবে গোটা জাতিও মুক্ত হতে পারবে না।’