সিরাজগঞ্জে প্রসূতির মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক প্রসূতির মৃত্যুর পর সেখানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্ত্রীরোগ বিভাগের প্রধান মাহমুদা খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা করেছেন। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে।মামলার আরজি এবং হাসপাতাল সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার হাবিবর রহমানের স্ত্রী রোজিনাকে (২০) বুধবার সকাল পৌনে সতটার দিকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন ১০টা ২০ মিনিটে তিনি মারা যান। এতে রোজিনার স্বজনেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁরা হাসপাতালের গাইনি ওয়ার্ডের দরজা-জানালার কাচসহ আসবাব ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে রোগীর লোকজন মৃতদেহ নিয়ে যান। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, প্রসূতিকে জটিল অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর কর্তব্যরত চিকিৎসকেরা চিকিৎসাসেবা দিয়েছেন। এখানে কোনো গাফিলতি হয়নি।এ বিষয়ে রোগীর স্বজনদের সঙ্গে কথা বললে তাঁরা কোনো মন্তব্য করেননি। ওই এলাকার আলমগীর হোসেন নামে এক ব্যক্তি জানান, রোগীকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে ভর্তি না করে তাঁরা জেনারেল হাসপাতালে পাঠান।